‘যিনি টেস্টে ভালো, তিনি টি-টুয়েন্টিতেও ভালো।’ হ্যারি ব্রুক যেন সেই প্রবাদকেই বাস্তবে রূপ দিচ্ছেন। টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে, টি-টুয়েন্টিতেও শীর্ষ দশে (৯)—দুই বিপরীতধর্মী ফরম্যাটেই বিশ্বের সেরাদের একজন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। এই মুহূর্তে টেস্ট ও টি-টুয়েন্টি দুই র্যাঙ্কিংয়েই শীর্ষ দশে ব্রুক ছাড়া আর কেউ নেই।
তবে ব্রুক শুধু ব্যাটসম্যানই নন, সফল অধিনায়কও। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টুয়েন্টির ২৩টিতেই জিতেছে তাঁর দল। যার সর্বশেষটি শনিবার শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে। একটি সেঞ্চুরিসহ ১৭০ রান করে সিরিজসেরা হয়েছেন ব্রুকই, সেই সঙ্গে জায়গা ধরে রেখেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও। আর সিরিজ জিতে ভারতকে টপকে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ইংল্যান্ডও।
৮৬১ পয়েন্ট নিয়ে ব্রুক এখন এক নম্বরে। এর পরের জায়গাগুলোয় আছেন যথাক্রমে স্টিভ স্মিথ, জো রুট, ট্রাভিস হেড ও টেম্বা বাভুমা। তাঁদের মধ্যে হেড ছাড়া বাকি তিনজন এখন টি-টুয়েন্টি খেলছেন না অথবা নির্বাচকেরাই তাঁদের বিবেচনা করেন না। আবার টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে যাঁরা শীর্ষ পাঁচে আছেন, তাঁরাও টেস্টে খেলেন না বা দলে জায়গা পান না (ঈশান কিষান, অভিষেক শর্মা, সাহিবজাদা ফারহান, ফিল সল্ট ও ডেভাল্ড ব্রেভিস)।

