মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা

ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূপাত হয়।

সকালে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে যান সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে ছিল পুলিশ। একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালান। ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও উত্তেজনা চলছিল। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাঁদের ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটে।