ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও তরুণদের আন্দোলন নিয়ে তীব্র সমালোচনা করেছেন বুকারজয়ী লেখক অরুন্ধতী রায়। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ’ আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিন ধরে তৈরি করা ভাবমূর্তিতে বড় ধরনের আঘাত করেছে। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের ব্যতিক্রমী ও রসাত্মক প্রচারণা এই আন্দোলনকে আলাদা মাত্রা দিয়েছে।
অরুন্ধতী রায়ের ভাষ্য, মোদির নেতৃত্বাধীন সরকারের প্রতি মানুষের অসন্তোষ হঠাৎ তৈরি হয়নি। ২০২৪ সালের নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া, নির্বাচন নিয়ে অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস, ব্যাপক বেকারত্বসহ নানা বিষয় একসঙ্গে জমা হয়ে বর্তমান পরিস্থিতির সৃষ্টি করেছে। তাঁর মতে, এসবের মধ্য দিয়ে ‘রাজার আসল রূপ’ প্রকাশ পেয়েছে এবং মোদির শক্তিও আগের মতো নেই।
আধুনিক ভারতকে তিনি এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে বিপুল সম্পদের পাশাপাশি চরম দারিদ্র্যও রয়েছে। তাঁর অভিযোগ, অল্পসংখ্যক অত্যন্ত ধনী ব্যক্তি ও শিল্পপতি দেশের অর্থনীতি ও ক্ষমতার ওপর বড় প্রভাব রাখলেও এর সুফল দরিদ্র মানুষের কাছে যথেষ্ট পৌঁছায় না।
ভারতের গণতন্ত্র নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন অরুন্ধতী রায়। তাঁর দাবি, শুধু নির্বাচন থাকলেই গণতন্ত্র নিশ্চিত হয় না; সংবিধান, স্বাধীন প্রতিষ্ঠান ও ক্ষমতার ভারসাম্যও প্রয়োজন। তাঁর মতে, এসব প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে এবং নির্বাচনপ্রক্রিয়া নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।
তবে এত সমালোচনার মধ্যেও ভারতে আশার জায়গা দেখেন এই লেখক। তাঁর মতে, দেশটিতে প্রতিরোধ, বুদ্ধিবৃত্তিক চিন্তা, ভিন্নমত ও বিকল্প চিন্তার দীর্ঘ সংস্কৃতি রয়েছে। আর সেই কারণেই বর্তমান পরিস্থিতিতেও আশার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

