দুই মাসে ৬ কেজি ওজন কমালেন দীঘি

দুই মাসে ৬ কেজি ওজন কমালেন দীঘি

হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে আগের তুলনায় একটু বেশি ‘বাল্কি’ মনে হচ্ছিল তাঁর।

তাই আর দেরি না করে শুরু করেন ওজন কমানোর মিশন। নিয়মিত ব্যায়াম ও কঠোর খাদ্যাভ্যাসে দুই মাসের মধ্যেই ছয় কেজি ওজন কমিয়েছেন এই অভিনেত্রী। তবে এখানেই থামতে চান না, লক্ষ্য আরো চার কেজি কমানো।

একসময় নিজেকে ‘ভেতো বাঙালি’ বলেই পরিচয় দিতেন দীঘি। ভাত ছাড়া যেন চলতেই পারতেন না। অথচ এখন তাঁর খাবারের তালিকা থেকে প্রায় বাদই পড়েছে ভাত। সপ্তাহে মাত্র এক দিন ভাত খাচ্ছেন তিনি। পাশাপাশি চলছে নিয়মিত শরীরচর্চা।

নিজের ওজন কমানোর প্রসঙ্গে দীঘি বলেন, ‘গত দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরো চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নাই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’