প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে অস্ত্র বানাবেন না

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে অস্ত্র বানাবেন না

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে অস্ত্র হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এসব বিষয়কে ‘অস্ত্রায়ন’ করা হলে বিশ্বজুড়ে এ পর্যন্ত অর্জিত অগ্রগতি ও সমৃদ্ধির সুফল নষ্ট হয়ে যেতে পারে। কারণ, বর্তমান বিশ্বে কোনো সংকটই আর একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে আজ রোববার দেওয়া বক্তব্যে মোদি এসব কথা বলেন। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো উপস্থিত ছিলেন।

মোদি বলেন, বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। মহামারি, জলবায়ুজনিত দুর্যোগ এবং সরবরাহব্যবস্থায় বিঘ্ন দেখিয়েছে যে পরস্পরনির্ভর এই বিশ্বে কোনো সংকটই আর একটি অঞ্চলের মধ্যে আটকে থাকে না।