টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার হাজির হয়েছেন একেবারেই ভিন্ন লুকে। ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ ‘দ্য রেভল্যুশনারিজ’-এ গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা গেছে তাঁকে। নিখিল আদভানি পরিচালিত সিরিজটি ১১ সেপ্টেম্বর ওটিটিতে মুক্তি পেয়েছে।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, তাঁদের আদর্শ, সাহস ও আত্মত্যাগের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই পিরিয়ড ড্রামা। চার বিপ্লবীকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজটির মূল কাহিনি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ আরো অনেকে। জেনারেল ডায়ারের চরিত্রে দেখা গেছে জেসন শাহকে।
সিরিজটি মুক্তির দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন পাওলি দাম। ছবিগুলোতে উঠে এসেছে ‘দ্য রেভল্যুশনারিজ’-এর সেটের নেপথ্যের নানা দৃশ্য। পাশাপাশি অভিনেত্রীর নতুন লুক ও চরিত্রও দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল।
অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ‘দ্য রেভল্যুশনারিজ’-এর অন্যতম আকর্ষণ এর ব্যতিক্রমী কাস্টিং। রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রয়েছেন রোহিত সরফ। প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা গেছে প্রতিভা রান্তাকে। আর কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পীরজাদা।

